
শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা:
ডুমুরিয়া উপজেলায় মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮৩ অনুযায়ী লাইসেন্সবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে পরিচালিত মাছের ডিপোগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
কাঠালিয়া, মাদারতলা ও শিবনগর এলাকায় অবস্থিত মেসার্স রাজিব ফিশ ও মেসার্স রজত ফিশকে লাইসেন্স না থাকার পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে ডিপো পরিচালনার অভিযোগে ১,০০০ টাকা করে জরিমানা করা হয়েছে। মেসার্স ফাতেমা ফিশ ও মেসার্স ভূমি ফিশকে ৫০০ টাকা করে এবং মেসার্স রিমি ফিশকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের টেকনিক্যাল অফিসার প্রণব কুমার দাশ, আশিকুর রহমান, ক্ষেত্র সহকারী কে এম মহসিন আলম এবং অফিস সহকারী মোঃ সাইফুল্লাহ। জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামানের নির্দেশে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান জানান, “জনস্বাস্থ্য রক্ষা, নিরাপদ মৎস্য বিপণন নিশ্চিতকরণ এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের জন্য এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। মৎস্য আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে আমরা সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশবান্ধব ও মানসম্মত ডিপো পরিচালনায় মালিকদের উৎসাহিত করছি।”