
রাজু আহম্মেদ খুলনা প্রতিনিধি
খুলনা মহানগরীতে আইন-শৃঙ্খলার চরম অবনতি এবং বিএনপি নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), খুলনা মহানগর ও জেলা শাখা। বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় দলীয় কার্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
৩০ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আমিন হোসেন বোয়িং মোল্লা এবং ২১ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মানিক হাওলাদার সন্ত্রাসীদের হামলায় নিহত হন। এছাড়া, ২৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. শাহিন ও ছাত্রদল কর্মী নওফেল মারাত্মক আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে খুলনা মহানগর বিএনপি আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। এছাড়া, খুলনা জেলা বিএনপির আহ্বায়কসহ মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, তাঁতী দল ও জাসাসের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি শফিকুল আলম মনা বলেন, “খুলনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতির ফলে আমাদের নেতাকর্মীরা একের পর এক সন্ত্রাসী হামলার শিকার হচ্ছে। অথচ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, এভাবে চলতে থাকলে বিএনপিকে আবারও রাজপথে নামতে বাধ্য করা হবে।”
সমাবেশ শেষে মহানগর বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পিকচার প্যালেস, ডাকবাংলা চত্বর এবং ফেরিঘাট মোড় ঘুরে শেষ হয়। নেতাকর্মীরা অভিযোগ করেছেন, খুলনা মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও হামলার ঘটনায় প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও সক্রিয় ভূমিকা এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।