
ওয়াহিদ মুরাদ, স্টাফ রিপোর্টার
পুলিশ এবং জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও পুলিশের প্রতি জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্যোগের আওতায় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করতে সুধী সমাবেশ আয়োজন করা হচ্ছে।
এ উদ্যোগের অংশ হিসেবে ২৬ জানুয়ারি ২০২৫ তারিখে দৌলতপুর থানাধীন কুলিবাগান ইস্পাহানী কলোনীতে একটি সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) মোঃ লিয়াকত হোসেন এবং দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মীর আতাহার আলী উপস্থিত ছিলেন। মতবিনিময়ের সময় তারা পুলিশের প্রতি জনগণের প্রত্যাশা, নাগরিক দায়িত্ব-কর্তব্য এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে জনসচেতনতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
সমাবেশে উপস্থিত কয়েকজন ব্যক্তি তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা ও সহযোগিতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।
খুলনা মেট্রোপলিটন পুলিশের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে সমাজে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশের সেবাকে আরও জনবান্ধব করতে সাহায্য করবে বলে আশা করা যাচ্ছে।