
স্টাফ রিপোর্টার: মোঃ কামরুল হাসান লিটন
ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এক বিরল ঘটনার সাক্ষী হলো পথচারী ও রেলওয়ে পুলিশ। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেন থেকে নামার সময় প্রসব বেদনায় কাতর হয়ে পড়েন রুমা আক্তার (২৬)।
কুমিল্লা থেকে ট্রেনে করে ঢাকার তেজগাঁওয়ে বাবার বাড়িতে আসছিলেন তিনি। বিমানবন্দর স্টেশনে নেমেই হঠাৎ তার প্রসব ব্যথা ওঠে। দ্রুত এগিয়ে আসে রেলওয়ে পুলিশ। তাদের সহযোগিতায় প্ল্যাটফর্মেই সুষ্ঠুভাবে সন্তান প্রসবের ব্যবস্থা করা হয়। সেখানেই জন্ম নেয় এক ফুটফুটে কন্যাশিশু।
নবজাতকের মা রুমা আক্তার জানান, তার স্বামীর বাড়ি কুমিল্লায়। সন্তানসম্ভাবা হওয়ায় বাবার বাড়ি তেজগাঁওয়ে যাচ্ছিলেন তিনি। ইতোমধ্যে তার বাবা স্টেশনে এসে তাকে নিতে আসছিলেন।
রেলওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন এবং তাদের দ্রুত রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।