
খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার
নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে বাস, ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ৬৩ জন আহত হয়েছেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার বাসাইল এলাকায় সড়ক ও জনপথ বিভাগের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল এলাকায় সকালে সিলেটগামী মালবোঝাই একটি ট্রাকের সঙ্গে ঢাকাগামী প্রাণ আরএফএল কোম্পানির একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পাশে চলমান অপর একটি প্রাইভেটকারের সঙ্গেও সংঘর্ষ ঘটে। এতে বাস, ট্রাক ও প্রাইভেটকারে থাকা ৬৩ জন যাত্রী আহত হন। পরে আহতদের উদ্ধার করে ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে গুরুতর আহত অবস্থায় বাসের এক যাত্রী ও ট্রাকের চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যান।
ইটাখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা বাসের এক যাত্রী ও ট্রাকের চালককে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি তিনটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।