
নিজস্ব প্রতিবেদক
ছিনতাই-চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধ প্রতিরোধে সারাদেশে ২১৮টি টহল দল মোতায়েনসহ বেশ কিছু উদ্যোগ নিয়েছে র্যাপিড অ্যকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশের বিভিন্ন স্থানে কিছু দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহল হামলা ও নাশকতার মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। দেশের বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই, ডাকাতি, খুন, চাঁদাবাজিসহ সাধারণ মানুষের ওপর নৃশংস আক্রমণ চালানো হচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলা করতে গত ২৪ ফেব্রুয়ারি থেকে র্যাবের কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সারাদেশে ২১৮টি টহল দল মোতায়েন করা হয়েছে এবং সাদা পোশাকে র্যাবের গোয়েন্দা নজরদারির পাশাপাশি অন্যান্য কার্যক্রমও জোরদার করা হয়েছে।
র্যাবের নেয়া উদ্যোগসমূহ: ১. র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান বৃদ্ধি করা হয়েছে। ২. দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে টহল এবং চেকপোস্ট বৃদ্ধি করা হয়েছে। ৩. বিভিন্ন যানবাহন ও যাত্রীদের তল্লাশিপূর্বক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। ৪. ছিনতাইকারী, ডাকাত, চক্রান্তকারী, উসকানিদাতা, উগ্রবাদী, নিষিদ্ধ সংগঠন এবং সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে আগাম তথ্য সংগ্রহপূর্বক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ৫. ভার্চুয়াল জগতে গুজব, মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে র্যাব সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে। ৬. যেসব অপরাধ প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হয়েছে, সেগুলোর সত্যতা যাচাইপূর্বক প্রকৃত অপরাধীকে গ্রেপ্তারের অভিযান বৃদ্ধি করা হয়েছে।
এছাড়া, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে জেলা বা মেট্রোপলিটন এলাকার স্থানীয় র্যাবের সহযোগিতা পেতে টহল ইনচার্জ অথবা র্যাব ব্যাটালিয়ন অধিনায়ককে অবহিত করণসহ র্যাব কন্ট্রোল রুমের হটলাইন নম্বর: ০১৭৭৭৭২০০২৯ এ জানাতে সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।