
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা/সেকশন অফিসার পদে নিয়ম বহির্ভূত নিয়োগ দেয়ায় সাবেক ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন সহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে। (মামলা নং-৮, তারিখ- ২.০৩.২০২৫)।
মামলার বাদী হলেন বিজন কুমার রায়, সহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, গোপালগঞ্জ। মামলায় অন্যান্য আসামীরা হলেন- প্রফেসর ড. মোশাররফ আলী, প্রফেসর ড. মো: আব্দুল মান্নান এবং সেকশন অফিসার শারমিন চৌধুরী।
দুদকের মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর তারিখে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা/ সেকশন অফিসার পদসহ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লিখিত ১৬টি শূন্য পদের স্থলে শারমিন চৌধুরীসহ ২০ জনকে নিয়োগ দেয়া হয়।
এছাড়া, ওই নিয়োগ প্রক্রিয়ার জন্য ৮৭০ জন আবেদনকারীর ডাটা শীটে তৎকালীন ভিসি ড. খোন্দকার নাসিরউদ্দিনের স্বাক্ষর রয়েছে। তবে শারমিন চৌধুরী ওই তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন না। তার নাম তালিকার ৮৭৩ নম্বরে সুপারিশ করা হলেও, বাস্তবে ৮৭৩ নম্বর ক্রমিক ডাটা শীটে তার নাম ছিল না।
এছাড়া, নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীর বয়স ৩২ বছর হওয়া উচিত ছিল, তবে আসামী শারমিন চৌধুরীর বয়স ৩২ বছরের বেশি ছিল, ৩৩ বছর ৩ মাস। তবুও তাকে নিয়োগ দেয়া হয়, যা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এই নিয়োগ প্রক্রিয়ায় জাল-জালিয়াতি এবং বেআইনি কার্যকলাপের জন্য আসামীরা অপরাধ করেছেন বলে অভিযোগ করা হয়েছে।