
শেখ মোঃ নাসির উদ্দীন, খুলনা:
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, রমজান মাসের মূল শিক্ষা হলো আল্লাহভীতি অর্জন করা। যদি মানুষ জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহভীরু হয়, তবে সমাজ থেকে দুর্নীতি দূর করা সম্ভব। আল্লাহর ভয় না থাকার কারণেই রাষ্ট্রীয় সম্পদ লুট হচ্ছে, অন্যায়-অপরাধ বাড়ছে। তিনি বলেন, আল্লাহভীরু মানুষ কখনো রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করতে পারে না, অন্যায় ও পাপের পথে চলতে পারে না।
তিনি আরও বলেন, বর্তমানে সমাজে অশান্তি, হত্যা, দুর্নীতি ও অবিচার বাড়ছে। এই সংকট থেকে মুক্তি পেতে হলে রমজানের প্রকৃত শিক্ষা গ্রহণ করতে হবে এবং তাকওয়া অর্জনের মাধ্যমে সমাজ গঠনে এগিয়ে আসতে হবে।
তিনি অভিযোগ করে বলেন, হিজাব ও পর্দা নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশের আইন অনুযায়ী প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ হলেও, তা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মন্তব্য করায় কিছু গোষ্ঠী তার বিরুদ্ধে মাঠে নেমেছে। অন্যদিকে, একজন যুবক ওড়না ঠিক করে পরতে বলায় তাকে গ্রেফতার করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শাসনামলে ইসলাম বিদ্বেষীরা নানা ষড়যন্ত্র করছে। শিক্ষাপ্রতিষ্ঠানে পর্দাশীল মেয়েদের হয়রানি করা, ভাইভা বোর্ডে হিজাব পরার কারণে প্রার্থীদের কটূক্তি করে বের করে দেওয়া—এসব ঘটনা চরম ইসলামবিদ্বেষের বহিঃপ্রকাশ। কিন্তু এসব নারীবাদী সংগঠন তখন নীরব থাকে। অথচ কেউ পর্দার কথা বললেই তারা আন্দোলনে নামে।
৭ মার্চ (শুক্রবার) বিকাল ৫টায় খুলনার পাওয়ার হাউস মোড়স্থ আইএবি কার্যালয়ে অনুষ্ঠিত ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা, কমিটির পরিচিতি ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের আয়োজন ও অংশগ্রহণ:
অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা শাখা।
সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাডাঙ্গা থানার সভাপতি মোঃ নুরুজ্জামান বাবুল এবং সঞ্চালনা করেন থানা সেক্রেটারি মোঃ ইমরান হোসেন মিয়া।
বিশেষ অতিথি ছিলেন:
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোহা. নাসির উদ্দিন, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন: প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির, ইসলামী যুব আন্দোলন মহানগর সভাপতি মোহা. আব্দুর রশিদ, এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও নবগঠিত কমিটির সদস্যরা।
কমিটির পরিচিতি ও শপথ গ্রহণ:
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নবগঠিত সোনাডাঙ্গা থানার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি ঘোষণা করেন এবং তাদের শপথ বাক্য পাঠ করান।
অনুষ্ঠানে বক্তারা রমজানের শিক্ষা সমাজে প্রতিষ্ঠার আহ্বান জানান এবং ইসলামবিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।