
নারী ও শিশু ধর্ষণ, সহিংসতা, নারী বিদ্বেষী বক্তব্য বন্ধ, ধর্ষক ও উসকানিদাতাদের শাস্তি, আইনশৃঙ্খলার অবনতি রোধ এবং ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবিতে খুলনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ মার্চ সন্ধ্যা ৫টা থেকে ৫টা ২৫ মিনিট পর্যন্ত খুলনা নগরীর সদর থানাধীন পিকচার প্যালেস মোড়ে বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা জেলার সভাপতি ড. মনোজ দাশের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে উপস্থিত ছিলেন সিপিবি খুলনা জেলার সাধারণ সম্পাদক এস এ রশীদ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, খুলনা মহানগর সিপিবির সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিত্যানন্দ ঢালীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ২৪ জুলাইয়ের অভ্যুত্থানের পরও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি। সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, বাজারে সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না। দ্রুত সংবিধান সংস্কার করে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে।
তারা আরও বলেন, স্বাধীন দেশে নারী ও শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে, যা কখনোই কাম্য নয়। স্বাধীনতা অর্জনের পরও বৈষম্যহীন, শোষণমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হয়নি। পরাজিত ফ্যাসিবাদীরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এজন্য প্রতিটি পাড়া-মহল্লায় কমিটি গঠন করে নারী নির্যাতন প্রতিরোধ করতে হবে এবং একই সঙ্গে সংস্কার ও নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি জানান বক্তারা।