
প্রতিবেদক
মোংলায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোঃ আলী মোল্লা (৩৬) নামের এক দিনমজুরকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত মোঃ আলী মোল্লা খুলনা সদরের মৃত মাজেদ মোল্লার ছেলে, যিনি কাজের প্রয়োজনে পৌর শহরের বিভিন্ন এলাকায় বসবাস করে।
বুধবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২টায় মোংলা পৌর শহরের পারহাউজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে মোংলা পোর্ট প্রাইমারি স্কুলের পার্শ্ববর্তী পুকুর পাড়ে কৌশলে ডেকে নেয় অভিযুক্ত আলী মোল্লা। পরে সুযোগ বুঝে শিশুটির ওপর পাশবিক নির্যাতনের চেষ্টা চালায়। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা ছুটে গিয়ে অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে।
খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তারা অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মোংলা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে পুলিশ।