
চৌধুরী জুয়েল রানা স্টাফ রিপোর্টার
নড়াইলের কালিয়া উপজেলার দক্ষিণ যোগানিয়া মোড়ে পূর্ব শত্রুতার জেরে এক ব্যবসায়ীর দোকানে হামলা, লুটপাট ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আইয়ুব মোল্যা নড়াগাতী থানায় অভিযোগ দায়ের করেছেন।
মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বাঐসোনা ইউনিয়নের দক্ষিণ যোগানিয়া মোড়ে এ ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, প্রতিপক্ষ অহিদ মোল্যা, ইমদাদুল মোল্যা ও তাদের লোকজন পরিকল্পিতভাবে দোকানে হামলা চালিয়ে এক লক্ষ চৌদ্দ হাজার টাকা ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী আইয়ুব মোল্যার ভাষ্যমতে, তিনি দোকানে বসে থাকার সময় ইমদাদুল মোল্যা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। বাধা দিলে ইমদাদুল ও তার সহযোগীরা তাকে কিল-ঘুষি মারে। তার ভাই আরোজ মোল্যা ঠেকাতে গেলে তাকেও মারধর করা হয়। এরপর হামলাকারীরা দোকানের ক্যাশ ড্রয়ার থেকে টাকা ও মালামাল লুট করে নেয়।
এলাকাবাসীর ভাষ্যমতে, তারা সংঘর্ষ থামানোর চেষ্টা করলেও হামলাকারীরা দোকানে প্রবেশ করে লুটপাট চালায় অভিযুক্তদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা অভিযোগ অস্বীকার করেন।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।