
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সালাউদ্দিন আহমেদ রিপন শরীফকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কারাদেশ জানানো হয়।
এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রিপন শরীফ বলেন, “আমি গ্রুপিং রাজনীতির শিকার। দলের জন্য ১৬ বছর কাজ করেছি, কিন্তু আজ আমাকে অবিচারের শিকার হতে হলো। এত বছর বাড়িতে একদিনও স্বস্তিতে ঘুমাতে পারিনি, আমার পরিবারও ভোগান্তির শিকার হয়েছে। আমার বিরুদ্ধে একের পর এক মামলা হয়েছে, এমনকি আমাকে ক্রসফায়ারের হুমকির মুখেও পড়তে হয়েছে। অনেকবার কারাবরণও করেছি।”
তিনি আরও বলেন, “জুলাই-আগস্টে জীবন বাজি রেখে মাঠে ছিলাম। দুমকিতে বিএনপির দুটি কোরামের মধ্যে দ্বন্দ্বের প্রতিহিংসার শিকার হয়ে আমাকে বহিষ্কার করা হয়েছে। আমি তারেক রহমান স্যারের দৃষ্টি আকর্ষণ করছি— কে বা কারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে, তা তদন্ত করে দেখা হোক। যদি আমি অপরাধী প্রমাণিত হই, তবে দলের যে কোনো সিদ্ধান্ত মাথা পেতে নেব।”