
হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাট প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও সাংবাদিক আল আমিন খান সুমনের মৎস্য ঘের দখলের চেষ্টা এবং তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে। সোমবার (১৮ মার্চ) দুপুরে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের রাধাবল্লভ গ্রামে এ ঘটনা ঘটে।
সাংবাদিক আল আমিন খান সুমন এ বিষয়ে বাগেরহাট মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর থেকেই সন্ত্রাসীরা তাকে হত্যার হুমকি দিচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রাধাবল্লভ গ্রামে ১৭ বিঘার একটি মৎস্য ঘের দীর্ঘদিন ধরে লিজ নিয়ে ব্যবসা করে আসছেন সাংবাদিক সুমন। কিন্তু গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বাগেরহাট আলিয়া মাদ্রাসা রোড এলাকার চিহ্নিত সন্ত্রাসী জাকির শেখ, আরাফাত ও রাধাবল্লভ গ্রামের আয়েজ শেখ ঘেরটি দখলের চেষ্টা চালায়। দখলে ব্যর্থ হয়ে সোমবার দুপুরে জাকির, আরাফাত ও আয়েজের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে ঘেরে মাছের পোনা ছেড়ে দখলের চেষ্টা চালায়।
এ সময় সাংবাদিক সুমন বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তার ওপর হামলার চেষ্টা করে। স্থানীয়রা এগিয়ে এসে পুলিশে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। কিন্তু পুলিশের সামনেই সন্ত্রাসীরা সাংবাদিক সুমনকে হত্যার হুমকি দেয়।
একপর্যায়ে ঘের দখলে ব্যর্থ হয়ে সন্ত্রাসীরা বাগেরহাট পাসপোর্ট অফিস সংলগ্ন সাংবাদিক সুমনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় সাংবাদিক মহল ও স্থানীয়রা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ বলেন, “সাংবাদিক আল আমিন খান সুমনের মৎস্য ঘের দখলের চেষ্টা ও তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”