
স্টার রিপোর্টার, মনির খান
নড়াইলের লোহাগড়া উপজেলায় ১৩ বছর বয়সী এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জসিম মোল্যা (২৮) নামে এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ মার্চ) বিকেলে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বাঁকা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
জসিম মোল্যা উপজেলার পাঁচুড়িয়া গ্রামের বাবুল মোল্যার ছেলে। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে জসিম মোল্যা ভ্যান চালিয়ে বাঁকা গ্রামে যায়। একপর্যায়ে সে একটি বাড়িতে পানি খাওয়ার কথা বলে প্রবেশ করে এবং সুযোগ বুঝে প্রতিবন্ধী কিশোরীকে একা পেয়ে গোয়াল ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় কিশোরীর মা পাশের বাড়ি থেকে ফিরে এসে ঘটনাটি দেখে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ জসিম মোল্যাকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, “ধর্ষণচেষ্টার অভিযোগে জসিম মোল্যা নামের এক ভ্যানচালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণের প্রক্রিয়া চলছে।”
এ ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং তারা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। স্থানীয়রা জানায়, প্রতিবন্ধী কিশোরীর নিরাপত্তা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ এবং এমন ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
লোহাগড়া থানার পুলিশ জানায়, জসিম মোল্যার বিরুদ্ধে ইতিমধ্যে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা প্রক্রিয়া শুরু হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।