
নিজস্ব প্রতিবেদক
খুলনা মুখ্য মহানগর হাকিম আদালতের সামনে অবস্থিত গারদখানায় দু’টি ক্যামেরা ভাংচুরের ঘটনায় পুলিশের সঙ্গে হাজতির সংঘর্ষ ঘটে। এ ঘটনায় পুলিশ সদস্য এটিএসআই শুভংকর সাহা (৫০) গুরুতর আহত হন। তিনি বর্তমানে খুলনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার পর আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এডিসি কোট (প্রসিকিউশন) মো. হুমায়ুন কবির জানান, সকাল ১১টার দিকে হাজতখানায় তিনজন আসামি ছিলেন। তাদের মধ্যে একজন ছিল ফাঁসির দণ্ডপ্রাপ্ত, অপরজন সোনাডাঙ্গা থানার ডাকাতি মামলার আসামি। মো: জাহিদুল ইসলাম রাজ ওরফে রাজউজ্জামান রাজু (৪১) নামে এক আসামি এই ঘটনার সূত্রপাত ঘটায়। তিনি প্রথমে হাজতখানার দু’টি ক্যামেরার ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন করেন এবং পরে তা ভাংচুর করেন।
এটি জানতে পেরে এটিএসআই শুভংকর সাহা ওই তিন আসামির কাছে বিষয়টি জানতে চান, তবে ক্ষিপ্ত হয়ে তারা তাকে মারধর করতে থাকে। একপর্যায়ে তারা এটিএসআইকে আহত করে, যার ফলে তার মাথা ফেটে রক্ত বের হতে থাকে। আহত অবস্থায় তাকে খুলনা পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আসামিরা পরে হাজতখানা থেকে পালানোর চেষ্টা করে, তবে পুলিশের তৎপরতায় তারা পালিয়ে যেতে পারেনি। ঘটনার পরপরই আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়।
অতিরিক্ত পিপি হুমায়ুন কবির উজ্জল এ ঘটনায় মন্তব্য করে বলেন, হাজতখানার আসামিরা এডিসি প্রসিকিউশনকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে, যা আদালত চত্বরে আতঙ্ক সৃষ্টি করে।
এ ঘটনায় পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে।