
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদী উপজেলার পঞ্চাশকুর দারুস্সুন্নাহ্ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হাদিউল ইসলামের বিরুদ্ধে এডহক কমিটির সভাপতি মনোনয়নের ক্ষেত্রে জালিয়াতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।
অভিযোগকারী পক্ষের দাবি, গত ৯ মার্চ সুপার হাদিউল ইসলাম সভাপতি পদের জন্য আবেদন আহ্বান করেন। যথাযথভাবে একাধিক প্রার্থী আবেদন করলেও, ১০ এপ্রিল একটি গোপন সভার মাধ্যমে মাত্র চারজনকে উপস্থিত দেখিয়ে পাঁচজন প্রার্থীকে অনুপস্থিত দেখিয়ে এডহক কমিটি গঠনের জন্য মিটিং করেন। এতে প্রকৃত প্রার্থীদের অগ্রাহ্য করে সুপারের ঘনিষ্ঠ আত্মীয় ও রাজনৈতিকভাবে সরকারপন্থী হিসেবে পরিচিত মাসুদুর রহমানকে সভাপতি পদে মনোনীত করার অভিযোগ ওঠে।
অভিযোগে আরও বলা হয়, মাসুদুর রহমান সহ-সপার ওবায়দুল্লাহর ফুফাতো ভাই এবং মাদ্রাসার সাবেক সভাপতি। তিনি অতীতে আওয়ামী লীগের সহযোগী হিসেবে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। বিগত সরকারের সময় ২০২3 সালের ৬ আগস্ট, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সময়েই তিনি তার আত্মীয় ওবায়দুল্লাহকে সহ-সুপার হিসেবে অবৈধভাবে নিয়োগ দেন বলেও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় অভিযোগকারী লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর অভিযোগ জমা দিয়েছেন। তিনি জানান, “সুপার হাদিউল ইসলাম ক্ষমতার অপব্যবহার করে নিজের পছন্দের লোককে সভাপতি করার ষড়যন্ত্র করছেন। আমরা আশা করি, ইউএনও তদন্ত সাপেক্ষে সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায় কমিটি গঠনের উদ্যোগ নেবেন।”
এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ কিংবা অভিযুক্তদের কারও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।