
খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার
নরসিংদীর মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের লেবুতলা গ্রামে মোটরসাইকেল কিনে না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে নিজের বাড়িতে আগুন দিয়েছে মাদকাসক্ত এক কিশোর। রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের সৈয়দ মো. কামালের ছেলে জুনায়েদ (১৬) দীর্ঘদিন ধরে বাবার কাছে নতুন একটি সুজুকি মোটরসাইকেল কেনার আবদার করে আসছিল। পুরাতন একটি মোটরসাইকেল থাকলেও নতুন গাড়ি কিনে দিতে বাবার অনীহার কারণে রাগে-ক্ষোভে নিজের বাড়িতে আগুন লাগিয়ে দেয় সে।
বাড়ি ফাঁকা থাকার সুযোগে রাতে আগুন লাগালে একটি ৩০ হাত লম্বা পোল্ট্রিফার্মের শেড, রান্নাঘর এবং বসতঘরের কিছু অংশ পুড়ে যায়। আগুনের খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
জুনায়েদের বাবা সৈয়দ মো. কামাল জানান, “আগেই আমাদের একটি পুরাতন হোন্ডা শাইন ছিল, যা সে মাঝে মাঝে চালাত। এরপরও নতুন সুজুকি গাড়ির জন্য আমাকে চাপ দিচ্ছিল। সামর্থ্য না থাকায় আমি রাজি হইনি, এ কারণে সে ঘরে আগুন দিয়েছে। এতে প্রায় ৩-৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জব্বার জানান, “ছেলে তার বাবাকে মোটরসাইকেল কিনে দিতে চাপ দিচ্ছিল। কিনে না দেওয়ায় ঘরে আগুন দেয় সে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ছেলেটিকে পাওয়া যায়নি।”