
উজ্জ্বল শেখ নড়াইল
মহান মে দিবস উপলক্ষে নড়াইলের কালিয়া উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক সংহতি ও অধিকার দিবস পালিত হয়েছে। ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালিয়া উপজেলা ও পৌর শ্রমিক দল, ইমারত শ্রমিক অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ শ্রমিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পৌর শহরের প্রধান সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মিলন চৌধুরী, পৌর শ্রমিক দলের আহ্বায়ক হেমায়েত উদ্দিন হিমু, সেক্রেটারি নুরুল ইসলাম মোল্লা, ইমারত শ্রমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শিহাব উদ্দিন শিহাবসহ অন্যান্য শ্রমিক নেতা।
এছাড়াও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কালিয়া উপজেলা শাখার উদ্যোগে সকালে একটি র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনটির জেলা সেক্রেটারি মিরাজুল ইসলাম। তিনি বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার শুধু আইনের কাগজে-কলমে নয়, বাস্তবেও নিশ্চিত করতে হবে।” তিনি ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।
আলোচনায় আরও বক্তব্য দেন মাও. ওবায়দুল্লাহ কায়সার, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাও. বায়জিদ হুসাইনসহ জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীলরা।