
৪ মে, রবিবার, দুপুর ২টায় ধর্মতলা রানি রাসমণি রোডে মাদ্রাসা শিক্ষক সমিতি ও উত্তর দিনাজপুর জেলা কমিটির আয়োজনে এক বৃহৎ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে প্রায় ১০০ থেকে ১৫০ জন শিক্ষক ও শিক্ষিকা অংশ নেন। মিছিলটি বিভিন্ন দাবী নিয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
শিক্ষকদের দাবিগুলি: শিক্ষকরা দাবী করেছেন, অবিলম্বে ২৩৫টি অনুমোদিত মাদ্রাসাকে এডেড করা হোক, মাদ্রাসাগুলোর ছাত্রদের জন্য মিড ডে মিল চালু করা হোক, ছাত্রদের জন্য স্কুলব্যাগ ও জুতো সরবরাহ করা হোক, মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য মেস চালু করা হোক, এবং প্রতিটি মাদ্রাসায় শিক্ষক নিয়োগ নিশ্চিত করা হোক।
শিক্ষকরা বলেন, সরকারের কাছে ৪৩৩টি অনুমোদিত মাদ্রাসার নথি থাকলেও এখনও ২৩৫টি মাদ্রাসা এডেড হয়নি, যার ফলে শিক্ষার্থীরা এবং শিক্ষকরা বঞ্চিত হচ্ছেন। তারা সরকারের কাছে আশ্বাস পেলেও বাস্তবায়ন হয়নি। শিক্ষকরা সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে জানান যে, তাদের দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলন চালিয়ে যাবেন এবং নবান্ন পর্যন্ত পদযাত্রা করবেন।
মিছিল শেষে ধর্মতলা ডোরিনা ক্রসিং মোড়ে দুই মিনিটের জন্য পথ অবরোধ করা হয়, যা সাময়িকভাবে যান চলাচল বন্ধ করে দেয়। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছিল এবং মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হয়।