
নিজস্ব প্রতিবেদক
নড়াইলের লোহাগড়া উপজেলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে চাচাতো ভাই ও ভাতিজাদের হামলায় আহত সৈয়দ টোকন আলী (৬০) অবশেষে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (৮ মে) বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই ছেলে ও পরিবারের এক নারী সদস্যসহ তিনজন, যারা বর্তমানে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৭ মে) সন্ধ্যায় উপজেলার করফা গ্রামে ঘটনার সূত্রপাত ঘটে। সৈয়দ টোকন আলীর স্ত্রী প্রতিবেশী চাচাতো ভাইয়ের ছেলেদের বাড়ির পাশ দিয়ে ভ্যান নিয়ে যেতে নিষেধ করলে তর্কাতর্কি হয়। কিছুক্ষণ পর সৈয়দ ফেরদৌস আলী, রিজ্জাক আলী, এরদাউস আলী এবং ভাতিজা রহিম আলী, করিম আলী, রহমত আলী, হৃদয় আলীসহ তাদের বাড়িতে থাকা কয়েকজন ধানকাটা শ্রমিক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে সৈয়দ টোকন আলী, তার ছেলে সৈয়দ রুবেল আলী ও সৈয়দ রাজু আলীসহ এক নারী গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে টোকন আলীকে যশোর হয়ে ঢাকায় পাঠানো হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পুলিশ ঘটনাস্থলে গেছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”