
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
সাংবাদিক পুত্র হত্যার রেশ কাটতে না কাটতেই এবার পিতাকেও হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার স্থানীয় সাংবাদিক তপু শেখ। তিনি টুঙ্গিপাড়া থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে (জিডি) ‘রিয়েল’ নামের এক যুবকের বিরুদ্ধে প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছেন।
ডায়েরিতে তপু শেখ উল্লেখ করেন, “পূর্বপরিকল্পিতভাবে আমার পুত্রকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে আমি ও আমার পরিবার নিয়মিতভাবে হুমকির মুখে রয়েছি। অজ্ঞাত নম্বর থেকে ফোন দিয়ে আমাকে ও আমার পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এসব হুমকির পেছনে রিয়েল নামের একজন জড়িত বলে সন্দেহ করছি।”
তিনি জানান, “আমি চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। বিষয়টি নিয়ে ইতোমধ্যে প্রশাসনের দ্বারস্থ হয়েছি এবং জীবনের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছি।”
টুঙ্গিপাড়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, “সাংবাদিক তপু শেখের অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে যেসব তথ্য পাওয়া গেছে তা যাচাই-বাছাই চলছে। হুমকির সঙ্গে কারা জড়িত তা নির্ধারণে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, সাংবাদিক তপু শেখের পুত্রের মৃত্যুর ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীর অনেকেই এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
প্রসঙ্গত, সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে প্রশাসনের উদ্যোগ ও হস্তক্ষেপ এখন জরুরি বলে মত দিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।