
কালিয়া (নড়াইল) প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নে মাদক ও সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার সন্ধ্যায় পিরোলী ফাজেল আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন যুক্তরাষ্ট্রের টেক্সাস স্টেট বিএনপির সাধারণ সম্পাদক এবং পিরোলীর বাসিন্দা শেখ জহিরুল ইসলাম। সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কাবেজ শেখ।
স্বাগত বক্তব্য দেন কালিয়া উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আলতাফ উদ্দিন আনসারী। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সভাপতি ও জ্যেষ্ঠ প্রভাষক মো. আলমগীর হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পিরোলী পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক মো. রেজাউল করিম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মোল্যা, ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মো. ইকতিয়ার গাজী, সাংগঠনিক সম্পাদক রহমত হোসেন, ইউপি সদস্য হামিদুল শেখ, শিক্ষক মহব্বত হোসেন, বিএনপি নেতা আব্দুল্লাহ শেখ ও আলাউদ্দিন শেখ, ইউনিয়ন কৃষকদলের সেক্রেটারি মো. আলমগীর মোল্যা এবং যুবদল নেতা শেখ মোফাজ্জেল হোসেন।
বক্তারা বলেন, “দলের নাম ব্যবহার করে কেউ যদি মাদক বেচাকেনা বা সেবনে জড়িত হয় কিংবা সন্ত্রাস ও চাঁদাবাজিতে অংশ নেয়, তাকে ছাড় দেওয়া হবে না।” তাঁরা আরও জানান, দলের ভাবমূর্তি রক্ষায় সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ব্যবস্থা নেওয়া হবে।
সমাবেশে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়, যা স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণে সম্পন্ন হয়।
এই আয়োজনের মাধ্যমে পিরোলীতে বিএনপির পক্ষ থেকে একটি শক্তিশালী বার্তা দেওয়া হয়েছে—অন্যায় ও অপরাধের বিরুদ্ধে দল থাকবে কঠোর অবস্থানে।