
শেখ মোঃ নাসির উদ্দীন, খুলনা:
আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার পক্ষ থেকে রবিবার (১১ মে) বিকাল ৪টায় নগরীর পাওয়ার হাউজ মোড়ে অবস্থিত আইএবি কার্যালয়ের সামনে শুকরিয়া মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মহানগর সভাপতি মুফতী আমানুল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন সহকারী সেক্রেটারি ইমরান হোসেন মিয়া। এতে ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, বিচারিক কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণাকে দেশকে স্বৈরাচারমুক্ত করার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে গণ্য করা যায়। তবে তারা বলেন, জনতার প্রত্যাশা ছিল দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা। এই প্রত্যাশা বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, এনসিপির খুলনা সংগঠক হামীম রাহাত, আলহাজ্ব আবু তাহের, হাফেজ আব্দুল লতিফসহ ইসলামী আন্দোলনের খুলনা মহানগর কমিটির বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ মিছিলও বের করা হয়, যা পাওয়ার হাউজ মোড় ঘুরে পুনরায় আইএবি কার্যালয়ে এসে শেষ হয়।