
উজ্জ্বল রায়, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলায় যুবদল কর্মী মো. সালমান (২৫) হত্যাকাণ্ডের ঘটনায় মশিয়ার মোল্যা (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার শামুকখোলা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, অভিযানে নেতৃত্ব দেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান।
গত রোববার সালমানের ছোট ভাই খন্দকার নাহিদ হাসান লোহাগড়া থানায় হত্যা মামলা করেন। মামলায় ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়।
এর আগে, গত শুক্রবার সকালে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা বিল থেকে সালমানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বন্ধুদের সঙ্গে উপজেলার রামকান্তপুর এলাকায় মধুমতি নদীর পাড়ে একটি পিকনিকে অংশ নিয়েছিলেন সালমান। সেখান থেকে রাত ১২টার দিকে বাড়ি ফেরেন তিনি। কিছুক্ষণ পর আবার বাড়ি থেকে বেরিয়ে গেলে আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরদিন সকালে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পরিবার গিয়ে লাশ শনাক্ত করে।
ওসি আশিকুর রহমান বলেন, “হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।”