
নিজস্ব প্রতিবেদক
খুলনা, ২০ মে – বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আজ (মঙ্গলবার) দুপুরে খুলনার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ছিল: “সর্বকালেরই পরিমাপ, সকলের জন্য”।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকত। তিনি বলেন, “সঠিক পরিমাপ ছাড়া দৈনন্দিন জীবনে কোনো কার্যক্রমই নির্ভুলভাবে সম্পন্ন করা সম্ভব নয়। উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত প্রতিটি ধাপে পণ্যের ওজন ও মান সঠিকভাবে নিশ্চিত করতে হবে।” তিনি আরও বলেন, বেশি লাভের আশায় ওজনে কম দেওয়া অনৈতিক ও ভোক্তা অধিকার লঙ্ঘনের শামিল। বিএসটিআই’র তদারকি ব্যবস্থা আরও কার্যকর ও সুসংহত করতে হবে বলে তিনি মন্তব্য করেন।
সভায় সভাপতিত্ব করেন খুলনা বিএসটিআই এর উপপরিচালক প্রকৌশলী রহিমা তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার এবং কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) খুলনা শাখার সাধারণ সম্পাদক এম নাজমুল আজম ডেভিড।
ধন্যবাদ জ্ঞাপন করেন বিএসটিআই’র উপপরিচালক (রসায়ন) এবিএম রইসুল আলম। সভায় ব্যবসায়ী, ভোক্তা, বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বিশ্ব মেট্রোলজি দিবস প্রতি বছর ২০ মে সারা বিশ্বে পালিত হয়। এই দিবসটি আন্তর্জাতিক মেট্রিক কনভেনশনের স্মরণে উদযাপন করা হয়, যার মাধ্যমে বিশ্বব্যাপী পরিমাপব্যবস্থার মান একীভূত করা হয়।