
খুলনা জেলার রূপসা উপজেলার ভবানীপুর গ্রামে আলোচিত আবদার শেখ হত্যা মামলার প্রধান অভিযুক্ত মনির শেখ (৪৫)-কে গ্রেপ্তার করেছে র্যাব-৬ এর একটি অভিযানিক দল। ২৭ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার মনির শেখ রূপসার ভবানীপুর গ্রামের হাবিবুর রহমান ওরফে হাইবে শেখের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ২২ মে রাত সাড়ে ৮টা থেকে সোয়া ১০টার মধ্যে যে কোনো সময় আবদার শেখকে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে বস্তাবন্দি করে মনির শেখের বাড়ির পশ্চিম পাশে কলাবাগানে ফেলে রাখা হয়।
ঘটনার দিন রাতেই স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের স্ত্রী রত্না বেগম লাশ শনাক্ত করেন। পরদিন তিনি রূপসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং এর জেরে র্যাব-৬ ছায়া তদন্ত শুরু করে।
র্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল ২৭ মে রাত ৯টার দিকে অভিযানে অংশ নেয় এবং মনির শেখকে আটক করে। তাকে আইনি প্রক্রিয়া শেষে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।
এই মামলার তদন্ত চলমান রয়েছে এবং হত্যার পেছনের কারণ ও জড়িত অন্যান্য ব্যক্তিদের বিষয়ে খোঁজ নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। রূপসার জনগণ এই ঘটনার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।