
মোঃ রাজু হাওলাদার খুলনা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ভাইস চ্যান্সেলর (ভিসি) নিয়োগের দীর্ঘসূত্রতা এবং আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বেতন ও বোনাস প্রদানে জটিলতার প্রতিবাদে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন করেছেন।
পহেলা জুন রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলা চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ভিসি না থাকায় ১২শ’র বেশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী চরম অনিশ্চয়তায় পড়েছেন। অবিলম্বে স্থায়ী ভিসি নিয়োগ বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে অর্থনৈতিক ক্ষমতা দিয়ে বেতন-বোনাস প্রদানের ব্যবস্থা করার দাবি জানান তাঁরা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন কুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মঈনুল হক। বক্তব্য দেন মোঃ রোকুনুজ্জামান, নির্বাহী প্রকৌশলী শেখ আবু হায়াৎ ও প্রকৌশলী বাদশা মোঃ হারুন। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি ক্যাম্পাসে রাজনীতি বন্ধের সিদ্ধান্ত ঘিরে ছাত্র-শিক্ষক আন্দোলনের মুখে কুয়েটের দুইজন ভিসি প্রত্যাহার করা হয়। সর্বশেষ অন্তর্বর্তীকালীন ভিসি প্রফেসর ড. মোহাম্মদ হযরত আলী ২২ মে পদত্যাগ করলে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক শূন্যতা দেখা দেয়, যার ফলে বেতন ও বোনাস বিল অনুমোদনে জটিলতা তৈরি হয়েছে।
বক্তারা বলেন, প্রশাসনিক অচলাবস্থা নিরসন না হলে ঈদের আগে বেতন-বোনাস পাওয়া সম্ভব নয়। দ্রুত স্থায়ী ভিসি নিয়োগ ও প্রশাসনিক স্থিতিশীলতা ফেরাতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।