
মনির খান স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়া উপজেলার চাচই গ্রামের পশ্চিম পাড়ায় মেয়ের বিয়ে বাবার অনুমতি ছাড়া দেওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, শরিফুল জমাদারের মেয়েকে তার মামারা শরিফুলের অনুমতি ছাড়াই বিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি প্রতিবাদ জানান এবং বিষয়টি নিয়ে গ্রামে সালিশ বসে। সালিশ চলাকালীন কথাকাটাকাটির একপর্যায়ে শরিফুল মোল্লা ও আখতার ফকির গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয়।
ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন—নবী শিকদারের ছেলে শিমুল শিকদার (৩২), ইসহাকের দুই মেয়ে রুমি বেগম (৪০) ও সুমি বেগম (৩৮), শুকুর জমাদারের ছেলে মনির হোসেন (৫০), শরিফুল জমাদার নিজে, জিয়াবুর রহমান এবং আসাদ জমাদারের ছেলে তানভীরসহ আরও কয়েকজন। অন্যান্য আহতদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে।
সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে লোহাগড়া থানা পুলিশ। পাশাপাশি নিরাপত্তার জন্য সেনাবাহিনীর একটি টহল দলও এলাকায় গিয়েছে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে এই সংঘর্ষ হয়েছে। আমরা ঘটনার তদন্ত করছি। দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনার পর চাচই গ্রামের পশ্চিম পাড়ায় এখনও উত্তেজনা বিরাজ করছে, যদিও পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।