
নিজস্ব প্রতিবেদক
খুলনার দিঘলিয়া উপজেলার লাখোহাটি এলাকায় ভুয়া দলিল, খতিয়ান, দাখিলা ও সরকারি অফিসের নামের সিলসহ জাল কাগজপত্র তৈরির অভিযোগে দুই প্রতারককে আটক করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার দুপুরে বারাকপুর ইউনিয়নের লাখোহাটি তিন রাস্তার মোড়ে ‘তুরজাউন টেলিকম অ্যান্ড স্টুডিও’তে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম মেহেদী হাসান এবং দিঘলিয়া থানার এসআই মো. জামিল উদ্দিন।
আটক দুজন হলেন—জহুর গাজীর ছেলে আশিকুজ্জামান রিংকু এবং আকরাম শেখের ছেলে তুরজাউন শেখ, উভয়েই লাখোহাটি গ্রামের বাসিন্দা।

আটকের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ভূমি অফিসের নামে ২৭৩টি ভুয়া দলিল, প্রায় ৩–৪ হাজার পর্চা ও খতিয়ান, ১২টি জাল সিল, ৭২২টি দাখিলা, ২২টি মাঠ পর্চা, ৪৩টি মৌজা ম্যাপ, ৬টি এনআইডি কার্ড, দিঘলিয়ার ভোটার তালিকার ৩ সেট, ১টি হার্ডডিস্ক, ২টি কম্পিউটার, ১টি প্রিন্টার, ১টি সিসি ক্যামেরা, ৩টি মোবাইল, ২টি পেনড্রাইভ, ৪টি সিম কার্ড, ১টি লেমিনেটিং মেশিন, আইডি কার্ড তৈরির পেপার এবং একটি মূল ম্যাপসহ অন্যান্য সরঞ্জাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দাবি করেছে, দিঘলিয়া সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত মোড়ল মফিজুর রহমান তাদের মূল সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে এই কাজে যুক্ত রয়েছেন। এসআই মো. জামিল উদ্দিন জানান, এ চক্রের সঙ্গে আরও যারা জড়িত রয়েছে, তাদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে এলাকায় এই ধরনের প্রতারণা চলছিল, তবে ভয়ে কেউ মুখ খুলছিল না। অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। আটক দুজনকে বিকেল সাড়ে ৫টায় দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।