
নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনা জেলা পুলিশের জুলাই ২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা আজ মঙ্গলবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জুন মাসের কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে আইন-শৃঙ্খলা রক্ষায় অবদান রাখায় বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।
সভায় দ্বিতীয় সর্বোচ্চ গ্রেফতারি পরোয়ানা তামিলকারী অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হন কয়রা থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব জিএম ইমদাদুল হক। একই থানার এএসআই (নিঃ) মোঃ আব্দুস সামাদ জুন মাসে গ্রেফতারি পরোয়ানা তামিলে নির্ধারিত লক্ষ্য পূরণ করে ‘শ্রেষ্ঠ অফিসার’ নির্বাচিত হন।

এছাড়া জননিরাপত্তা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও দায়িত্ব পালনে প্রশংসনীয় ভূমিকার স্বীকৃতি হিসেবে অন্যান্য কর্মকর্তাদেরও সম্মাননা স্মারক, সনদপত্র এবং নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। খুলনার পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন এ সময় পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ গোয়েন্দা ও প্রশাসনিক ইউনিটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, “জেলা পুলিশের প্রত্যেক সদস্যের পেশাদারিত্ব, নিষ্ঠা ও জনগণের প্রতি দায়বদ্ধতার ফলেই খুলনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সকল ইউনিটকে সেবাধর্মী ও ফলপ্রসূ পুলিশিং বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”