
শাহিনুর আক্তার নরসিংদী প্রতিনিধি
“গাছ লাগাও, পরিবেশ বাঁচাও”—এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর বেলাবো উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে ১৫০টি নারকেল গাছের চারা রোপণ করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে উপজেলার চর উজিলাব ইউনিয়নের দেওয়ানের চর দক্ষিণ পাড়া থেকে বারৈচা সড়কের দুই পাশে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল করিম।
চর উজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শফিকুল ইসলাম সম্রাটের সার্বিক সহযোগিতায় এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা মহিবুর রহমান সিদ্দিকী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুব আলম লেলিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খাদিজা আক্তার, উপজেলা সিএ মোস্তাক আহমেদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বৃক্ষরোপণ শেষে ইউএনও মোঃ আব্দুল করিম বলেন, “প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, অক্সিজেন সরবরাহ বৃদ্ধি এবং জনপদের নান্দনিক সৌন্দর্য বাড়াতে আমরা এই নারকেল গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছি। প্রথম পর্যায়ে চর উজিলাব ইউনিয়নে ১৫০টি গাছ রোপণ করা হয়েছে, ভবিষ্যতে আরও সম্প্রসারিত করা হবে।”
উল্লেখ্য, এ ধরনের জনস্বার্থভিত্তিক পরিবেশবান্ধব কর্মকাণ্ড এলাকায় প্রশংসিত হয়েছে। স্থানীয়রা আশা করছেন, এ উদ্যোগে অনুপ্রাণিত হয়ে ব্যক্তিপর্যায়ে আরও বেশি মানুষ গাছ লাগাতে আগ্রহী হবেন।