
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
চট্টগ্রাম মহানগরীতে চুরি ও ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। সম্প্রতি চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় পূর্ব পরিকল্পিত কায়দায় ছিনতাইকারীর ফাঁদে পড়ে একটি অটোরিকশা চুরি হয়েছে, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা।
ভুক্তভোগী ব্যবসায়ী রফিকুল ইসলাম (৩৮) চান্দগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি জানান, তার মালিকানাধীন অটোরিকশাটি প্রতিদিনের মতো গত ৬ জুলাই সকালে সৈয়দনগর ফোরকান গ্যারেজ থেকে ভাড়ায় চালানোর জন্য চালক মো. আল খালেক (১৯) বের করেন। কিন্তু দুপুরের দিকে চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচা বাজার এলাকায় এক অজ্ঞাত ছিনতাইকারী চক্র পরিকল্পিতভাবে চালককে ভয়ভীতি দেখিয়ে অটোরিকশাটি ছিনিয়ে নেয়।
এ ঘটনায় থানা পুলিশকে জানানো হলেও এখন পর্যন্ত অটোরিকশাটির সন্ধান পাওয়া যায়নি। ভুক্তভোগী রফিকুল ইসলাম বলেন, “ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও অটোরিকশার কোনো হদিস মেলেনি। এ ঘটনায় আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। পেশাগত জীবনও হুমকির মুখে পড়েছে।” তিনি আরও জানান, এলাকার একটি সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন একজন ব্যক্তির ছবি ধরা পড়েছে।
এ প্রেক্ষিতে রফিকুল ইসলাম সকলের প্রতি আহ্বান জানিয়েছেন—যদি কেউ উক্ত ব্যক্তিকে চেনেন বা অটোরিকশা সংক্রান্ত কোনো তথ্য জানেন, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে: যোগাযোগ: 01863-255845 (রফিকুল ইসলাম) স্থায়ী ঠিকানা: নয়বার বাড়ি, ইলশা, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম। বর্তমান ঠিকানা: বিবিরহাট বড়বাড়ি, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম
এদিকে, চান্দগাঁও থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর তারা তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।