
গোপালগঞ্জ প্রতিনিধি: মো. শিহাব উদ্দিন
গোপালগঞ্জে গ্রাম পুলিশদের নিয়ে দিনব্যাপী জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. গোলাম কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও যুগ্ম সচিব মুহাম্মাদ কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার ড. রুহুল আমীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রকিবুল হাসান এবং আনসার ও ভিডিপি জেলা কমান্ডার মো. মজিবুল হক।
বক্তারা সম্মেলনে গ্রাম পুলিশদের পেশাগত দায়িত্ব, আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা, ইউনিয়ন পর্যায়ে সরকারি কর্মকাণ্ডে সহায়তা, এবং নিরপেক্ষ অবস্থানে জনগণের পাশে থাকার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
প্রধান অতিথি মুহাম্মাদ কামরুজ্জামান বলেন, “সরকার সব সময় গ্রাম পুলিশের সহযোগিতা পেয়েছে এবং এখনো পাচ্ছে। দেশের সংকটকালে তারা নিরপেক্ষভাবে জনগণের পাশে থেকেছে, ইউনিয়ন পরিষদ পাহারা দিয়েছে এবং সরকারি সম্পদ রক্ষা করেছে। ভবিষ্যতেও এই ভূমিকা অব্যাহত থাকবে বলে আমি আশা করি।”
অনুষ্ঠানে জেলার সব উপজেলার নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মেলনটি গ্রাম পুলিশের মনোবল বৃদ্ধি এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।