
শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা
সোমবার, ১৪ জুলাই, সকাল ১১টায় কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের ডিআরআর-সিসিএ প্রকল্পের উদ্যোগে, কারিতাস জার্মানি এবং বিএমজেড-এর আর্থিক সহায়তায়, খুলনা সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিল অফিসে নগর পর্যায়ে জলবায়ু অভিবাসীদের সঙ্গে একটি কমিউনিটি পরামর্শ সভার আয়োজন করা হয়। এই সভার মূল প্রতিপাদ্য ছিল জলবায়ু অভিবাসী জনগোষ্ঠীর সমস্যাসমূহ চিহ্নিতকরণ এবং সেগুলোর সম্ভাব্য সমাধান নির্ধারণ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২২ নম্বর ওয়ার্ডের সচিব, মো. আব্দুল করিম মোল্লা। এছাড়া উপস্থিত ছিলেন এসডিএনসির সভানেত্রী, জনাব জিন্নাত আরা, কারিতাস খুলনা অঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মসূচি কর্মকর্তা, ড. সুমন কুমার মালাকার, ডিআরআর-সিসিএ প্রকল্পের সমন্বয়কারী, জনাব পবিত্র কুমার মন্ডল, অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর, কাকলী হালদার, মাঠ কর্মকর্তা, জনাব শিপলু মন্ডল, এবং মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার, জনাব মামুন সিরাজুম মনির চৌধুরী।
সভায় অংশগ্রহণকারী অভিবাসীরা তাদের বাস্তব অভিজ্ঞতার আলোকে বিভিন্ন সমস্যা তুলে ধরেন। উল্লেখযোগ্য সমস্যাগুলোর মধ্যে রয়েছে—আবাসনের অপ্রতুলতা, নিরাপদ পানির সংকট, স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা, জীবিকায়নের সুযোগের অভাব, এবং সামাজিক বৈষম্য। আলোচনায় অংশগ্রহণকারীরা এসব সমস্যার টেকসই সমাধানে স্থানীয় সরকার, উন্নয়ন সংস্থা এবং নগর প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।
আলোচনায় বক্তারা বলেন, জলবায়ু অভিবাসীদের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সুস্পষ্ট নীতিমালা ও বরাদ্দ নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি অভিবাসীবান্ধব নগর পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, এবং স্বাস্থ্য-শিক্ষাসেবায় প্রবেশগম্যতা বাড়ানোর আহ্বান জানানো হয়।
কারিতাস প্রতিনিধিরা জানান, ভবিষ্যতে আরও এমন সভার আয়োজনের মাধ্যমে জলবায়ু অভিবাসীদের জীবনমান উন্নয়নে ধারাবাহিক কার্যক্রম গ্রহণ করা হবে।