
মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি
ঢাকার উত্তরার দিয়াবাড়িস্থ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি ঘটে যাওয়া হৃদয়বিদারক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
চসিক প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে মঙ্গলবার দুপুরে এই দোয়া মাহফিল আয়োজিত হয়। এতে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় মোনাজাত করা হয়। শুরুতেই এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, বিভিন্ন বিভাগের প্রধানগণ ও বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী।
চসিকের পক্ষ থেকে জানানো হয়—“এই শোক কোনো একক পরিবারের নয়, বরং গোটা জাতির। শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রশ্নে আমাদের আরও সচেতন হতে হবে।”
উল্লেখ্য, কয়েকদিন আগে রাজধানীর উত্তরার আকাশে উড্ডয়নরত একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুলের পাশে বিধ্বস্ত হয়। এ ঘটনায় শিক্ষার্থীসহ কয়েকজনের মৃত্যু ও বহু হতাহতের ঘটনা ঘটে।