
তেরখাদা প্রতিনিধি, ২৫ জুলাই ২০২৫:
খুলনা-০৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেছেন। শুক্রবার (২৫ জুলাই) তেরখাদা উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, “মুক্তিযোদ্ধাদের ত্যাগের কোনো মূল্য নেই। তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের সম্মান ও মর্যাদা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা পারভেজ মল্লিক বলেন, “বাংলাদেশে একটি সুস্থ গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশের মানুষ আজ পরিবর্তনের প্রত্যাশায় আছে।”
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শেখ শহীদূর রহমান, চৌধুরী আবুল খায়ের, সরদার আমির হোসেন, মো. বোরহান উদ্দিন আহমেদ, মো. নেছারদ্দিন শেখ, তবিবুর রহমান, আব্দুর রাজ্জাক এবং শ্যামল কান্তি। এছাড়াও অন্যান্য মুক্তিযোদ্ধারা সভায় উপস্থিত ছিলেন।
স্থানীয় মুক্তিযোদ্ধারা পারভেজ মল্লিকের কর্মকাণ্ড এবং তার রাজনৈতিক অবস্থান সম্পর্কে মতামত তুলে ধরেন এবং আগামী দিনে তার পাশে থাকার আশ্বাস দেন।