
নিজস্ব প্রতিবেদক
নগরীর সোনাডাঙ্গাস্থ ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রিয়াদুল জান্নাহ হিফজ মাদরাসার বালিকা শাখায় ৬ জন ছাত্রীকে হিফজ এবং ৩ জন ছাত্রীকে নাযেরা সবক প্রদান করা হয়েছে। গত ২৪ জুলাই, বুধবার রাত সাড়ে আটটায় মাদরাসা প্রাঙ্গণে এক হৃদয়ছোঁয়া অনুষ্ঠানের মাধ্যমে এই সবক প্রদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও তত্ত্বাবধায়ক, বিশিষ্ট আলেমেদ্বীন, মুফাসসিরে কুরআন, মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মুফতি মুহাম্মদ আনোয়ার হোসাইন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠক, নাগরিক নেতা এবং মাদরাসার প্রধান উপদেষ্টা এস এম দেলোয়ার হোসেন।
প্রধান আলোচক বলেন, “কুরআন শিক্ষা প্রতিটি মুসলিমের জন্য ফরজ। বিশুদ্ধ সালাত আদায়, কেয়ামতের দিন নবীজির সুপারিশ এবং দুনিয়া ও আখিরাতে শান্তির জন্য ছোটবেলা থেকেই সন্তানদের কুরআনের শিক্ষায় শিক্ষিত করা আবশ্যক।”
তিনি আরও বলেন, “আল্লাহ বলেন – ‘পড় তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন’ (সূরা আলাক: ১)। এই আয়াত থেকে প্রতীয়মান হয়, কুরআন শিক্ষাকে উপেক্ষা করা যায় না। উম্মতের জন্য এটি নির্দেশনা।”
হিফজের সবক প্রদান করেন মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা রেজাউল ইসলাম।
নাযেরা ও হিফজ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ, যেমন হাফেজ ক্বারী হাসানুজ্জামান সিদ্দিকী ও অভিভাবক মোঃ আরিফ আহমেদ সহ অভিভাবক ও অভিভাবিকারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
হিফজ সম্পন্নকারী ছাত্রীদের নাম:
১. সুমাইয়া আক্তার কুরছি, ২. মেহেজাবিন তোহা, ৩. জিনিয়া খান কনা, ৪. সোহাইবাতুন শিমু, ৫. রৌশনী আক্তার জিন্নাত, ৬. ধারা আহমেদ
নাযেরা সম্পন্নকারী ছাত্রীদের নাম:
১. লামিয়া আক্তার মিথিলা, ২. সায়মা ইসলাম জামিলা, ৩. মোসা: রাবেয়া
সবক প্রদান শেষে ঢাকা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ ধরনের উদ্যোগ খুলনার দ্বীনি শিক্ষার অগ্রগতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।