
নিজস্ব প্রতিবেদক
নড়াইলের নড়াগাতী থানার উত্তর কালিনগর গ্রামে মাদকাসক্ত বড় ভাইয়ের হামলার শিকার হয়েছেন মা ও দুই ভাই। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। হামলার শিকাররা হলেন মৃত হানেফ ফকিরের স্ত্রী বেবি খানম এবং তার দুই ছেলে মুন্নু ফকির (৪০) ও হৃদয় ফকির (২৮)। হামলাকারী তাদের বড় ছেলে চুন্নু ফকির।
১ আগস্ট সকালে সরেজমিনে গেলে বেবি খানম জানান, জমিজমা সংক্রান্ত পারিবারিক ঝামেলা নিয়ে বড় ছেলে চুন্নু প্রায়ই দা নিয়ে হামলা করতে আসে। নাতনির বিয়ে উপলক্ষে বাড়িতে সাজসজ্জার কাজ চলছিল। এ সময় চুন্নু হঠাৎ দা হাতে তাকে ও ছোট দুই ছেলেকে মারতে তেড়ে আসেন। তারা প্রতিবেশীদের সাহায্য চাইলে প্রতিবেশী আকিজ মোল্যাসহ অনেকে এসে চুন্নুর হাত থেকে দা কেড়ে নেন। এ সময় ধস্তাধস্তিতে দা’য়ের আঘাতে চুন্নুর হাতে সামান্য কেটে যায়। পরে তিনি থানায় উল্টো অভিযোগ দেন।
বেবি খানমের ছেলে মুন্নু ও হৃদয় ফকির বলেন, তাদের বড় ভাই সব সময় মাদকাসক্ত অবস্থায় থাকে এবং মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আকিজ মোল্যা আমাদের জীবন বাঁচিয়েছে। সে না ঠেকালে বড় ভাই আমাদের মেরে ফেলত।”
প্রতিবেশী আজম মোল্যা ও তরিকুল শেখসহ অনেকে জানান, চুন্নু ফকির মাদকসেবন ও ব্যবসার কারণে আগেও জেল খেটেছেন। তিনি নিয়মিত দা নিয়ে চলাফেরা করেন, এতে এলাকাবাসীও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
মুঠোফোনে কথা হলে চুন্নু ফকির পারিবারিক বিরোধের কথা স্বীকার করলেও মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার দাবি, আকিজ মোল্যা তাকে আঘাত করেছে এবং মা ও ভাইদের বক্তব্য সঠিক নয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।