
মো. মনজুরুল ইসলাম, নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রীর চিকিৎসা খরচ জোগাতে বন্ধুকে হত্যা করে ভ্যান লুটের অভিযোগে দুই যুবককে আটক করেছে র্যাব। আটকরা হলেন— সাগর প্রামানিক (১৮) ও সুলতান প্রামানিক (১৯)।
শনিবার (২ আগস্ট) দুপুরে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ এক সংবাদ ব্রিফিংয়ে জানান, অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারায় সাগর তার বন্ধু সুলতানের সঙ্গে পরিকল্পনা করে অল্প দিনের বন্ধু ভ্যানচালক জিহাদকে হত্যার সিদ্ধান্ত নেয়।
পরিকল্পনা অনুযায়ী গত বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় তারা জিহাদকে কোমল পানীয়ের সঙ্গে চেতনানাশক মিশিয়ে সিংড়া উপজেলার পাজাগারড়ি এলাকার নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে জিহাদ অচেতন হয়ে পড়লে শ্বাসরোধে হত্যা করে লাশ বিলের পানিতে ফেলে দেয় এবং ভ্যান নিয়ে পালিয়ে যায়।
পরদিন জিহাদের লাশ উদ্ধারের পর র্যাব অভিযান শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে সিংড়া উপজেলার বড়িয়া গ্রামের নিজ নিজ বাড়ি থেকে দুই অভিযুক্তকে আটক করা হয়। একই উপজেলার ইটালি গ্রামের হাসান মেকারের গ্যারেজ থেকে লুট হওয়া ভ্যানটিও উদ্ধার করা হয়। পরে শনিবার দুপুরে আটক সাগর ও সুলতানকে সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।