
নিজস্ব প্রতিবেদক
জুলাই-আগস্ট ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে নড়াইলে পদযাত্রা ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সোমবার (৪ আগস্ট) দুপুরে নড়াইল জজ কোর্ট অঙ্গনে এ কর্মসূচি পালিত হয়।
জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রদক্ষিণ করে পুনরায় জজ কোর্ট চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
নড়াইল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম আব্দুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিকুজ্জামান লিটু, সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন, সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল।
বক্তারা অভিযোগ করে বলেন, স্বৈরাচারী ও ফ্যাসিস্ট আওয়ামী সরকার অতীতে আদালতকে ব্যবহার করে রাতের ভোটে নির্বাচিত এমপিদের বৈধতা দিয়েছে এবং মজলুম নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। বিচার বিভাগে হস্তক্ষেপ করে বিএনপির লাখ লাখ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে, হাজারো নেতাকর্মীকে অন্যায়ভাবে সাজা দিয়েছে। তারা এখনো যারা ধরাছোঁয়ার বাইরে আছে, তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার দাবি জানান।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. মনিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু এবং সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান উপস্থিত ছিলেন।