
শাহাদাত কামাল শাকিল কুমিল্লা
জাতীয় সংসদের বিলুপ্ত কুমিল্লা-৯ আসন পুনর্বহাল এবং নির্বাচন কমিশনের নতুন সীমানা পুনর্বিন্যাস বাতিলের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিএনপি নেতাকর্মীরা।
বুধবার (৬ আগস্ট) বিকেলে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন। এ সময় প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে, ফলে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
গত ৩০ জুলাই নির্বাচন কমিশনের প্রকাশিত আসন পুনর্বিন্যাসের খসড়ায় কুমিল্লা জেলার ছয়টি আসনের সীমানা পরিবর্তন করা হয়। এর মধ্যে পুরাতন কুমিল্লা-৯ আসন—যেটিতে সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট উপজেলা অন্তর্ভুক্ত ছিল—পুনর্বিন্যাস করে চৌদ্দগ্রামের সঙ্গে সদর দক্ষিণ এবং লাকসামের সঙ্গে লালমাইকে যুক্ত করে নতুন সীমানা নির্ধারণ করা হয়।
এই পরিবর্তনের প্রতিবাদে বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী ও তার অনুসারীরা শুরু থেকেই বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন। এরই অংশ হিসেবে নির্বাচন কমিশনের কুমিল্লা কার্যালয়ে স্মারকলিপি প্রদান এবং বুধবারের সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির আহ্বায়ক আখতার হোসেন, সদস্য সচিব ওমর ফারুক চৌধুরী, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান, সাবেক চেয়ারম্যান মো. আমান উল্লাহ আমান, সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইসমাইল মজুমদার, লালমাই উপজেলা বিএনপির আহ্বায়ক মাসুদ করিম, সদস্য সচিব ইউসুফ আলী মীর পিন্টু প্রমুখ।
বক্তারা বলেন, “নতুন সীমানা বিভাজন সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এর মাধ্যমে একটি গোষ্ঠীকে সুবিধা দিতে এবং জনপ্রিয় নেতাদের সরিয়ে দিতে কৌশল নেওয়া হয়েছে।” তারা অবিলম্বে খসড়া বাতিল করে কুমিল্লা-৯ আসন পুনর্বহালের দাবি জানান।