
মোঃ মনজুরুল ইসলাম, নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে সাইদুর রহমান (আলতাফ হোসেনের ছেলে) নামে এক ব্যক্তি কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ১০টার দিকে গোপালপুর-লালপুর সড়কের গোপালপুর সুগারমিলস উচ্চ বিদ্যালয়ের পাশে এই ভয়াবহ ঘটনা ঘটে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, স্থানীয়রা ওই পথে যাওয়ার সময় একটি প্রাইভেটকারের গেটে রক্ত লেগে থাকতে দেখে, পরে পাশের ড্রেনে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি ওই গাড়ির চালক ছিলেন এবং কুষ্টিয়ার দিকে যাওয়ার পথে ছিলেন।
তবে হত্যার সঠিক কারণ ও এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের তথ্য পুলিশ এখনো প্রকাশ করেনি। পুলিশ সুপারের নির্দেশে তদন্তের জন্য বিভিন্ন টিম কাজ শুরু করেছে।