
হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটের রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আফতাব আহমেদের বদলি আদেশ প্রত্যাহার ও তাকে পুনর্বহালের দাবিতে রামপালবাসীর উদ্যোগে এক ব্যতিক্রমী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ আগস্ট) সকাল ১১টায় উপজেলা ভূমি অফিসের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে। সকল রাজনৈতিক দলের নেতারা একত্রে জনবান্ধব এই কর্মকর্তার পক্ষে অবস্থান নেন। মানববন্ধন শেষে জনপ্রশাসন উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, আফতাব আহমেদ দায়িত্ব গ্রহণের পর থেকে রামপাল ভূমি অফিসে দুর্নীতি, হয়রানি ও দালালচক্রের দৌরাত্ম্য ব্যাপকভাবে কমেছে। তিনি সেবা প্রত্যাশীদের দ্রুত সেবা প্রদান, ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি ও সৌজন্যমূলক আচরণে রামপালবাসীকে মুগ্ধ করেছেন। সকল প্রকার চাপে অবিচল থেকে তিনি সেবা প্রদানে বিশেষ অবদান রেখেছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন রামপাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, মোঃ কামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সদস্য সচিব এস এম আলমগীর কবির বাচ্চু, সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ শেরওয়ান শেখ, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মাজেদুর রহমান জুয়েল, বিএনপি নেত্রী নাজমা বেগম, উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি এ্যাডভোকেট মহিউদ্দিন শেখ প্রমুখ।
মানববন্ধনে রামপালের স্থানীয় ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, “আফতাব আহমেদ আমাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধান দেন। এমন কর্মকর্তা আগে রামপালে আসেননি। যদি তাকে বদলি করা হয়, আমরা ক্ষতিগ্রস্ত হব।” শিক্ষিকা সালমা বেগম বলেন, “তিনি সবার প্রতি সমান আচরণ করেন। আমরা চাই তিনি এখানেই থাকুন।”
স্থানীয়রা জানান, রামপালে কোনো কর্মকর্তার বদলি ঠেকাতে এটাই প্রথম সম্মিলিত ও ঐক্যবদ্ধ উদ্যোগ। তাঁরা দাবি করেন, উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আফতাব আহমেদকে রামপালে বহাল রাখতে হবে। তার বদলি হলে রামপালবাসী কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হবেন।
এই বিষয়ে জনপ্রশাসন উপদেষ্টা, বিভাগীয় কমিশনার ও বাগেরহাট জেলা প্রশাসকের কাছে দৃষ্টি আকর্ষণের পাশাপাশি তারা নিয়মতান্ত্রিক কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারিও দিয়েছেন।