
শাহিনুর আক্তার, নরসিংদী প্রতিনিধিঃ
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিন পত্রিকার ব্যুরো চিফ আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিক নিপীড়ন ও হত্যার বিরুদ্ধে নরসিংদীর বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের রোড সংলগ্ন বেলাবো প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচির সভাপতিত্ব করেন বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসেন নীলু এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আমিনুল হক। অনুষ্ঠানে শিবপুর প্রেসক্লাব সভাপতি মোঃ খোরশেদ আলম, রায়পুরা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ তৌফিকুল হক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ভৈরব উপজেলা শাখার সভাপতি এম. এ. হালিম ও সদস্য এম. আর. ওয়াসিম, বেলাবো উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মোঃ ইসলাম উদ্দিন, বেলাবো প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মকবুল হাসান রজনী, অর্থ সম্পাদক আলমগীর পাঠান, দপ্তর সম্পাদক আলী হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রমজান আলী জুয়েল, প্রচার সম্পাদক রুমেল আফ্রাদ রুমেল, নির্বাহী সদস্য দুলাল সরকার, সদস্য শফিকুল ইসলাম, মোঃ বাদল মিয়া, রেজাউল আলম বিপ্লব, ফয়সাল আহমেদ আব্দুল্লাহ, দিদার হোসেন পিন্টু, আশিকুর রহমান সৈকত, শিবপুর উপজেলা আজকের আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধি নাসিম আহমেদ ইকবালসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
বেলাবো প্রেসক্লাব সভাপতি মোঃ মোশারফ হোসেন নীলু বলেন, “সাংবাদিকরা রাষ্ট্র ও সরকারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বর্তমান ও পূর্ববর্তী সরকারগুলো সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তাই আমরা অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানাচ্ছি।”
মানববন্ধন ও প্রতিবাদ সভার মাধ্যমে আগামী মঙ্গলবার একদিনের জন্য কলম বিরতি পালন ও কালো ব্যাজ ধারণের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এই মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিও জানিয়েছেন।