
নিজাম উদ্দীন, কিশোরগঞ্জ
পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকের বিরুদ্ধে সহিংসতা, হুমকি ও হয়রানি এখন থেকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এ ধরনের অপরাধের জন্য দোষী ব্যক্তিকে মাত্রা ভেদে এক থেকে পাঁচ বছরের কারাদণ্ড বা ন্যূনতম এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রেখে ‘সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (প্রেস-১) মো. সোলেমান আলী বলেন, “গণমাধ্যম সংস্কার কমিশনের খসড়াটি আমলে নিয়ে এটি চূড়ান্ত করা হয়েছে। খসড়াটি ইতোমধ্যে সব মন্ত্রণালয়-বিভাগসহ অংশীজনদের কাছে পাঠানো হয়েছে। এ বিষয়ে মতামত এলে আমরা অধ্যাদেশটি নিয়ে আরও কাজ করব।”
খসড়া অনুযায়ী, জনস্বার্থ সংশ্লিষ্ট কোনো তথ্য সংগ্রহ বা প্রকাশের কারণে সাংবাদিকদের যেন কোনো ব্যক্তি, সংস্থা বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সহিংসতা, হুমকি বা হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়ে সরকার ও উপযুক্ত কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। একইসঙ্গে তথ্যসূত্র প্রকাশে জোর করা যাবে না, যৌন হয়রানি ও শারীরিক-মানসিক চাপ প্রয়োগ নিষিদ্ধ থাকবে।
অধ্যাদেশে বলা হয়েছে, কোনো কোম্পানির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ওই কোম্পানির পরিচালক, বিনিয়োগকারী বা সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও দায়ী করা হবে। তবে প্রমাণ করতে পারলে দায়মুক্তি মিলতে পারে। এ আইন কার্যকর হলে সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা রক্ষায় নতুন আইনি সুরক্ষা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।