
শেখ ফসিয়ার রহমান, নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলার ছোট কালিয়া গ্রামের কৃষক প্রদীপ কুমার বর্মন মাদায় অফসিজন তরমুজ চাষে নজরকাড়া সফলতা অর্জন করেছেন। ২০২৩-২৪ অর্থ বছরে নিজের ঘেরের পাড়ে মোট ১১ হাজার মাদায় তরমুজের চারা রোপণ করে তিনি আধুনিক ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি ব্যবহার করেছেন।
খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় প্রদীপকে ২৫০০ মাদার বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ করা হয়। এর ফলে প্রতিটি গাছে ৩ থেকে ৪টি করে বিক্রয়যোগ্য তরমুজ উৎপাদিত হচ্ছে, যার গড় ওজন ১.৫ থেকে ২ কেজি। বাজারে বর্তমানে প্রতি কেজি তরমুজের মূল্য ৭০ থেকে ৮০ টাকা পর্যন্ত রয়েছে।
চাষি প্রদীপ কুমার বর্মন জানান, এই চাষে তার আনুমানিক ব্যয় হয়েছে ৫ লাখ টাকা। আবহাওয়া অনুকূলে থাকলে তিনি আশা করছেন ৯ থেকে ১০ লাখ টাকার তরমুজ বিক্রি করতে পারবেন, যা তার জীবিকা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
১২ আগস্ট সকালে কালিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইভা মল্লিক ও উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সুমন শেখ প্রদীপ বর্মনের তরমুজ ক্ষেত পরিদর্শন করেন। তারা প্রদীপকে সঠিক চাষাবাদের জন্য প্রশংসা জানিয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন এবং কোন সমস্যা দেখা দিলে সরাসরি যোগাযোগ করার অনুরোধ জানান।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইভা মল্লিক বলেন, “প্রদীপ কুমার বর্মনের এই সফলতা শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং আমাদের এলাকার সব ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি অবলম্বন করা অত্যন্ত জরুরি। এই ধরনের আধুনিক প্রযুক্তি ও উন্নত বীজ ব্যবহার করে কৃষকরা অধিক ফলন ও ভালো মানের পণ্য উৎপাদন করতে সক্ষম হচ্ছে। আমরা কৃষি বিভাগ হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছি যাতে আরও বেশি সংখ্যক কৃষক এই প্রযুক্তিগুলো গ্রহণ করে নিজেদের জীবিকা উন্নত করতে পারে। প্রয়োজনে আমরা সরাসরি মাঠে গিয়ে পরামর্শ ও সাহায্য প্রদান করবো, যাতে কেউ অসুবিধায় না পড়ে। পাশাপাশি, আমরা চাষাবাদের সময় কৃষকদের আবহাওয়ার প্রভাব, রোগবালাই নিয়ন্ত্রণ ও সেচ ব্যবস্থাপনার দিকেও খেয়াল রাখার পরামর্শ দিচ্ছি। আশা করছি, আমাদের এসব প্রচেষ্টা কৃষকদের আয় বৃদ্ধি করবে এবং কৃষি খাতের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখবে।”
মাদায় তরমুজ চাষে প্রদীপের এই সাফল্য প্রমাণ করে যে, আধুনিক প্রযুক্তি ও সঠিক নির্দেশনা পেলে ক্ষুদ্র ও মাঝারি কৃষকেরাও তাদের আয় অনেকগুণ বাড়াতে পারে।