1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনা জেলা আইনজীবী সমিতিতে ৫ বছরে প্রায় ২৫ কোটি টাকা আত্মসাৎ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

বিগত পাঁচ বছরে খুলনা জেলা আইনজীবী সমিতির তহবিল থেকে প্রায় ২৫ কোটি টাকা আত্মসাৎ হয়েছে বলে অডিট রিপোর্টে উঠে এসেছে। এ অনিয়ম ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত তৎকালীন সভাপতি এবং খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলামসহ ওই সময়ের নেতৃত্বে থাকা একাধিক আইনজীবীর বিরুদ্ধে মানি স্যুট মামলা করার সিদ্ধান্ত হয়েছে সমিতির বিশেষ সাধারণ সভায়।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে খুলনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় ৭৮ পৃষ্ঠার অডিট রিপোর্ট উপস্থাপন করেন সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট নূরুল হাসান রুবা। এতে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৬ আগস্ট পর্যন্ত সময়ের আর্থিক লেনদেনের ২৬ প্রকার অনিয়মের তথ্য তুলে ধরা হয়।

সভায় সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু সংশ্লিষ্টদের বিরুদ্ধে করণীয় জানতে চাইলে উপস্থিত সদস্যরা সর্বসম্মতভাবে মামলা করার পক্ষে মত দেন। পরে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মালেকের প্রস্তাবে সিনিয়র সিভিল আইনজীবীদের সমন্বয়ে ১১ সদস্যের প্যানেল গঠন করে মামলার আরজি তৈরির সিদ্ধান্ত হয়।

অডিট প্রতিবেদনে উঠে আসে—গঠনতন্ত্র লঙ্ঘন, ভুয়া বিল তৈরি, অনুমোদনবিহীন বিনিয়োগ, ব্যক্তিগত ঋণ, ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ভুয়া ভাউচারের মাধ্যমে অসামঞ্জস্য লেনদেন এবং কোনো কারণ ছাড়াই নামে-বেনামে টাকা আত্মসাতের মতো চাঞ্চল্যকর তথ্য। এমনকি ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের দিন এবং পরদিন (৬ আগস্ট) পর্যন্ত ব্যাংক থেকে অর্থ উত্তোলনের প্রমাণ পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, কয়েকজন সাধারণ সদস্য ও কর্মকর্তা ব্যক্তিগত প্রয়োজনে সমিতির তহবিল থেকে কয়েক লাখ টাকা ঋণ নিলেও ফেরতের কোনো প্রমাণ নেই। একাধিক এফডিআর নির্বাহী পরিষদের অনুমোদন ছাড়া ভেঙে নগদ উত্তোলন করা হয়েছে এবং নতুন এফডিআর খোলা হয়েছে, যার কোনোটিরই নথি পাওয়া যায়নি। অফিস রক্ষণাবেক্ষণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংগঠনিক কার্যক্রম ও নির্মাণ কাজের জন্য ভুয়া বিল তৈরি এবং বাজার মূল্যের তুলনায় অতিরিক্ত অর্থ প্রদানের প্রমাণও মিলেছে।

অডিট টিমের ভাষ্য অনুযায়ী, ব্যালেন্স শিটে প্রদর্শিত নগদ অর্থ ও ব্যাংক স্টেটমেন্টের হিসাবের মধ্যে অসামঞ্জস্য রয়েছে। আর্থিক রেজিস্টার, বিল ভাউচার এবং চেক কাউন্টারফয়েল অডিট টিমকে সরবরাহ করা হয়নি। প্রাথমিক হিসাবে অনিয়মের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ কোটি ৭৩ লাখ ৯৮ হাজার ৭২৯ টাকা। তবে অডিট টিমের মতে, লুকানো বা অসম্পূর্ণ নথি পরীক্ষা করা গেলে প্রকৃত ক্ষতির অঙ্ক আরও বেশি হতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, এফডিআর ও ডিপিএস বিনিয়োগে বড় ধরনের অনিয়ম ঘটেছে। নির্বাহী পরিষদের অনুমোদন ছাড়াই একাধিক এফডিআর ভেঙে নগদ অর্থ তোলা হয়েছে এবং নতুন বিনিয়োগ করা হয়েছে, যার কোনো বৈধ নথি নেই। এছাড়া গঠনতন্ত্রবিরোধী ব্যয়, নির্বাহী পরিষদের সিদ্ধান্ত ছাড়া নগদ উত্তোলন ও খরচ এবং কিছু ক্ষেত্রে কোনো নথি ছাড়া লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

অডিট প্রতিবেদনে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আইনগত তদন্ত শুরুর সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বাৎসরিক অডিট বাধ্যতামূলক করা, অনলাইন অ্যাকাউন্টিং সিস্টেম চালু এবং আর্থিক লেনদেন সদস্যদের জন্য উন্মুক্ত রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

তবে বিশেষ সাধারণ সভায় এই প্রতিবেদন উপস্থাপিত হলেও অভিযুক্তদের কারও বক্তব্য পাওয়া যায়নি। সভায় জেলা পিপি অ্যাডভোকেট তৌহিদুর রহমান তুষার, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মাসুদ হোসেন রনি, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মালেকসহ বহু সিনিয়র সদস্য ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অডিট রিপোর্ট প্রকাশের পর খুলনার আইনজীবী মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। জ্যেষ্ঠ আইনজীবীরা জানিয়েছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park