
মোঃ রাজু হাওলাদার খুলনা
খুলনার রূপসায় কৃষি ব্যাংকের একটি শাখার লকার ভেঙে প্রায় ১৬ লাখ টাকা লুট করেছে সংঘবদ্ধ দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে যেকোনো সময়ে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ছিল সপ্তাহের শেষ কার্যদিবস। সেদিন বিকেল থেকে ব্যাংক বন্ধ ছিল এবং রাতে কোনো পাহারাদারও ছিল না বলে স্থানীয়রা দাবি করেছেন। শুক্রবার রাত ১০টার দিকে নিরাপত্তা প্রহরী এসে ব্যাংকের মূল প্রবেশপথের কলাপসিবল গেটের তালা কাটা দেখতে পান। তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসেন এবং ঘটনাটি রূপসা থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
স্থানীয়দের দাবি, ঘটনার সময় ব্যাংকে প্রায় ২০ লাখ টাকা ছিল, যার মধ্যে ১৬ লাখ টাকা লুট হয়ে গেছে। তবে পুলিশ এখনো সঠিক ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেনি এবং এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
রূপসা থানার পুলিশ জানায়, ব্যাংক ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।