
নিজস্ব প্রতিবেদক
খুলনায় গভীর শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র, কারবালার মহাশহীদ ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাতের চল্লিশা বা পবিত্র চেহলাম।
শনিবার (১৬ আগস্ট) বিকেল ২টা ৩০ মিনিটে নগরীর আলতাপোল লেনস্থ আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ইমামবাড়িতে অনুষ্ঠিত হয় খুলনা বিভাগীয় চেহলাম কর্মসূচি। দিনব্যাপী এ আয়োজনে আলোচনা সভা, শোকসভা ও মাতম মিছিল অন্তর্ভুক্ত ছিল। খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজারো ধর্মপ্রাণ মানুষ এতে অংশ নেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভী। তিনি বলেন, “ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাত মানব ইতিহাসে এক অনন্য ও শোকাবহ ঘটনা। এটি জুলুমের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার নৈতিক দায়িত্বের প্রতীক।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সিলর সাইয়্যেদ রেজা মীরমোহাম্মাদী। তিনি বলেন, “ইমাম হুসাইন (আ.) হেদায়েতের আলোকবর্তিকা এবং নাজাতের তরণী, যাঁর ত্যাগ বিশ্ব মানবতাকে আজও পথ দেখায়।”
আলোচনা সভা শেষে শোক ও মাতম মিছিল বের করা হয়। “আল্লাহু আকবর, ইয়া হুসাইন” ধ্বনিতে নগরীর বিভিন্ন এলাকা মুখরিত হয়ে ওঠে।
প্রসঙ্গত, প্রতি বছর ২০ সফর তারিখে বিশ্বের মুসলিম সম্প্রদায় ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাতের চল্লিশা বা চেহলাম পালন করে। ৬১ হিজরির ১০ মহররমে কারবালার প্রান্তরে ইয়াজিদের সৈন্যদের হাতে ইমাম হুসাইন (আ.) ও তাঁর পরিবার শাহাদাত বরণ করেছিলেন, যা আজও বিশ্বজুড়ে শোক ও অনুপ্রেরণার উৎস।