
এস.এম. শামীম, দিঘলিয়া (খুলনা):
খুলনার দিঘলিয়া উপজেলার গাজিরহাটে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় এক নারী থানায় এজাহার দায়ের করলে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনাও ঘটেছে।
পদ্মবিলা এলাকার বাসিন্দা শাহনারা বেগম (৪৫) দিঘলিয়া থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহারে তিনি উল্লেখ করেন, স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান সোহাগ মুন্সি, তৈয়বুর মুন্সি, সুমন মুন্সি, কাজল মুন্সিসহ অজ্ঞাত আরও ৪-৫ জন তার স্বামী বুলু শিকদার (৬৫)-এর কাছে দেড় লাখ টাকা চাঁদা দাবি করে। এর আগে একই চক্র তার স্বামীর কাজ থেকে ৫০ হাজার টাকা চাঁদা নিয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
চাঁদাবাজির এ মামলার পরিপ্রেক্ষিতে আসামি গ্রেপ্তারে গাজিরহাট পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযানে গেলে হামলার ঘটনা ঘটে।
ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল্লাহ আল মামুন জানান, এজাহারের প্রেক্ষিতে ১২ জন পুলিশ সদস্য দুই ভাগে ভাগ হয়ে অভিযানে যায়। এ সময় আসামি তৈয়ব মুন্সি মব তৈরি করে পুলিশের ওপর হামলা চালায়। এতে চার পুলিশ সদস্য আহত হন। পরে আসামিরা পালিয়ে যায়।
পুলিশের ওপর হামলার ঘটনায় দিঘলিয়া থানা পুলিশের পক্ষে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত তিনজনকে গত ১৬ আগস্ট রাতে আটক করেছে পুলিশ।